
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এলপিজি গ্যাসের কয়েকজন ডিলারের বিরুদ্ধে সিন্ডিকেট গঠন, অতিরিক্ত মূল্য আদায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ডিলার নিজেদের মধ্যে সমন্বয় করে বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করছেন। এর ফলে খুচরা ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস সংগ্রহ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তাদের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের লাভের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত দামে গ্যাস কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদেরও।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে গ্যাসের সরবরাহ সীমিত রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরে সেই সংকটের সুযোগ নিয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হয়। এছাড়া বিক্রির সময় অনেক ক্ষেত্রে যথাযথ রসিদ না দেওয়ার অভিযোগও রয়েছে, যা বাজার ব্যবস্থাপনায় অস্বচ্ছতা সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে ফরদাবাদ বাজারের ক্ষুদ্র গ্যাস ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ, বাজারে এলপিজি গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডিলারদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ভোক্তারা।
Leave a Reply