বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নিখোঁজ যুবক রুবেল কে অচেতন অবস্থায় উদ্ধার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মীরপুর গ্রামে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নিখোঁজ হওয়া দুই যুবকের মধ্যে রুবেল (৩০) নামের একজনকে দুই দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ড্রেজার ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে রুবেল হঠাৎ নিখোঁজ হন। এরপর পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পাননি। অবশেষে আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে মীরপুর গ্রামের বাগের হাটির বাসিন্দা জামাল মিয়ার বাড়ির কাছ থেকে বাঁচার আকুতি ও চিৎকার শুনতে পান ঘরের লোকজন। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে রুবেলকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে নিখোঁজ যুবক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং নিখোঁজ অন্য যুবকের সন্ধানে অভিযান চলছে। উক্ত ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply