
মোহাম্মদ সেলিম রেজা
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক প্রতিবাদ বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার (২৬ জুলাই) প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইতালি প্রবাসী জামাল মিয়া (টিটু) সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। প্রেস ক্লাবের দাবি, এসব বক্তব্য বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঘটনার দিন প্রেস ক্লাবের একাধিক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা বা বিকৃত তথ্য প্রকাশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়।
এতে আরও বলা হয়, ঘটনার পর ইতালি প্রবাসী জামাল মিয়া (টিটু) নিজেই বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ফলে বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকরা সবসময় জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করেন। কোনো ধরনের চাপ, ভয়ভীতি বা অপপ্রচারের মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব থেকে বিরত রাখা যাবে না।
এছাড়া, সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল বক্তব্য প্রদান এবং আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানিয়েছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাব।
Leave a Reply