ছয়ফুল্লাকান্দিতে কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে সংবর্ধনা, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্য থেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ার ঘোষণা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপি। শনিবার বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অশোক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, উপজেলা বিএনপির সদস্য হানিফ মিয়া মাঝি, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, দরিকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম কানু এবং দরিকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাক্কি মিয়াসহ স্থানীয় নেতারা।


প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার দবির উদ্দিন বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সংগঠন আরও সুসংগঠিত হবে। প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একজন ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ওই প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সংবর্ধিত অতিথি আবু বকর সিদ্দিক পাভেল বলেন, বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক রয়েছে। সংবর্ধনা ও নেতাকর্মীদের ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়েছেন। কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করলেও তৃণমূলের নেতাকর্মীদের কথা সব সময় মনে রাখবেন।
তিনি আরও বলেন, আজ যে মাটিতে তাঁকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই মাটিতেই তাঁর বাবা শিক্ষকতা করেছেন। এ সময় উষ্ণ ভালোবাসা ও সম্মান জানানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।