বাঞ্ছারামপুরে ১ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কড়ইকান্দি ফেরিঘাট এলাকার জনৈক শওকত হোসেনের মেশিনারির দোকান এবং জনৈক জাহাঙ্গীরের হালিমের দোকানের মাঝামাঝি খালি জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কোনো আসামিকে পাওয়া যায়নি।
উদ্ধার করা আলামত স্থানীয় জনসাধারণ ও সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকামূলে জব্দ করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।