মাদকবিরোধী অভিযানে বাঞ্ছারামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার-১

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ আহমেদ রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরদাবাদ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ আহমেদ রিপন বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরিফ আহমেদ রিপনের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকা অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১(৪)।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।