রাস্তায় নয়, বেডরুমেও পৌঁছে গেছে মাদক, প্রতিরোধ গড়তে হবে’—মেহেদী হাসান পলাশ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
‘মাদক এখন আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে। তাই বাঞ্ছারামপুরকে মাদকমুক্ত করতে হবে।’—ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের এমন বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ‘মাদক শুধু যুবসমাজকে ধ্বংস করছে না, এটি পরিবার ও সামাজিক কাঠামোকেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাদকের বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, বাঞ্ছারামপুরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল, ভিপি মজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।