- বাঞ্ছারামপুরে তিতাস নদীর ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় তিতাস নদীর তীব্র ভাঙন রোধে এক বিশেষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধীনে তিতাস নদীর ডান তীরে জিও ব্যাগ দ্বারা জরুরী অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-০৬) জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তারিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর পিতা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিয়ে তিনি হাসপাতালে যান এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব আকাশ দত্ত এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এছাড়া অনুষ্ঠানে বাঞ্ছারামপুর থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী উপজেলার টেকসই উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে চলমান এবং ভবিষ্যৎ প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “বিগত কয়েক বছর ধরে সাদ্দাম বাজার প্রাঙ্গণ থেকে শুরু করে বুধেরকান্দি ও উজানচর পর্যন্ত নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অতীতে যেখানে খেলার মাঠ ও চলাচলের রাস্তা ছিল, তা আজ নদীগর্ভে বিলীন।
পূর্ববর্তী সরকারের অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ড্রেজিংয়ের খেসারত দিচ্ছে আজ এই অঞ্চলের সাধারণ মানুষ।” তিনি রাধানগরের পূর্ব ও পশ্চিম পাশের কৃষিজমি এবং মানচিত্র রক্ষায় এই অস্থায়ী বাঁধের পর পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ ও সড়ক নির্মাণের আশ্বাস দেন এবং কাজে গ্রামবাসীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব আকাশ দত্ত প্রকল্পের প্রযুক্তিগত দিক তুলে ধরে বলেন, “পূর্বে আমাদের ধারণা ছিল কেবল মেঘনা নদীই এ অঞ্চলে তীব্র ভাঙন সৃষ্টি করে। তবে উজানচরে তিতাসের ভাঙন পরিস্থিতি দেখে পরিকল্পনা কমিশনের সদস্যসহ আমরা সরজমিনে পরিদর্শন করি এবং এই জরুরী প্রকল্পটি পাস করাই।” তিনি জানান, উজানচর অংশে ১,২০০ মিটার এবং ঢোলভাঙা নদী অংশে আরও ৮৫০ মিটার তীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে।
পরবর্তীতে এই অস্থায়ী কাজের ধারাবাহিকতায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে।সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া বলেন, “বাঞ্ছারামপুরের সামগ্রিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করছে প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে সকল অংশীজন ও স্থানীয় জনসাধারণের সঠিক তথ্য এবং প্রত্যক্ষ সহযোগিতা অত্যন্ত জরুরী।”
বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নদীপাড়ে জিও ব্যাগ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে রাধানগর ও উজানচর এলাকার শত শত একর ফসলি জমি, বাজার এবং বসতভিটা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছেন স্থানীয় ভুক্তভোগী অধিবাসীরা।