
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজি, জবরদখল ও মাদক কারবারের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। এসব অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওসমান মাঝি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে ওসমান মাঝি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ৫ আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও চাঁদাবাজির যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না। রূপসদী ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁর জীবনযাপন সম্পর্কে অবগত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মাদকসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই দাবি করে ওসমান মাঝি বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁকে ব্যক্তিগতভাবে হেয় করার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ওসমান মাঝি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত সত্য উদ্ঘাটন করে তা জনসমক্ষে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।