
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণসংহতি আন্দোলন-জিএসএর ২১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার নাহিদা জাহানকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইমানুজ্জামান পল্লবকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলার সলিমগঞ্জে আল বাইয়াইন সুপার মার্কেটে অবস্থিত জিএসএ কার্যালয়ে "পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই!" স্লোগানকে সামনে রেখে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য সৈকত মল্লিক, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালিদ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান রুবেল বলেন, “আমরা এখন জাতীয় পুনর্গঠনের কালে আছি। আমাদের আকাঙ্ক্ষা হলো জনগণের স্বার্থে পরিচালিত একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে আমরা সংগ্রাম অব্যাহত রাখব এবং জনগণের সমর্থন নিয়েই সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করব।”

কর্মী সম্মেলন শেষে ইঞ্জিনিয়ার নাহিদা জাহানকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইমানুজ্জামান পল্লবকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট নবীনগর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।